অবশেষে ইভ্যালীকে আইনি নোটিশ পাঠালো পেপারফ্লাই

নজর২৪, ঢাকা- আলোচিত ই-কমার্স কোম্পানি ইভ্যালিকে বকেয়া অর্থ প্রদানের বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছে দেশের সবচেয়ে বড় প্রযুক্তিভিত্তিক লজিস্টিক নেটওয়ার্ক পেপারফ্লাই।

 

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ইভ্যালির কাছে প্রায় ৭ কোটি টাকা পাওনা রয়েছে পেপারফ্লাইয়ের। তবে ই-কমার্স প্ল্যাটফর্মটি জানুয়ারির পর থেকে এখনো এ বিল পরিশোধ করেনি।

 

পেপারফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) রাহাত আহমেদ জানান, দেশজুড়ে পণ্য ডেলিভারি দেওয়ার খরচ হিসাবে কয়েক কোটি টাকা বকেয়া হলেও গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইভ্যালি কোনো বিল পরিশোধ করেনি। কয়েকবার বকেয়া আদায়ে আলোচনার উদ্যোগ নিলেও ইভ্যালির কাছ থেকে তারা কোনো সাড়া পাননি।

 

গত সোমবার পেপারফ্লাইয়ের পক্ষ থেকে ইভ্যালির ঠিকানায় উকিল নোটিস পাঠানো হয়েছে। তাদের জবার পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পেপারফ্লাই।

 

বাণিজ্য মন্ত্রণালয়ে ইভ্যালির দেওয়া তথ্য অনুযায়ী, শুধু পণ্য সরবরাহকারীরা ইভ্যালির কাছে ২০৬ কোটি টাকা পায়। বাংলাদেশ ব্যাংকের করা অনুসন্ধানে দেখা গেছে, গ্রাহক এবং ব্যবসায় অংশীদারদের কাছে ৪০৩ কোটি টাকার দেনা রয়েছে ইভ্যালির। প্রতিষ্ঠানটির অস্থাবর সম্পদের মূল্য মাত্র ৬৫ কোটি টাকা। ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছে।

 

সবশেষ আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে যে ঘোষণা দিয়েছিল তা থেকে সরে এসেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ যমুনা। সবমিলিয়ে কঠিন সময় পার করছে ইভ্যালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *