Home বিনোদন নির্বাচনের অংশ নেওয়ার গুঞ্জন: মুখ খুললেন পরীমণি

নির্বাচনের অংশ নেওয়ার গুঞ্জন: মুখ খুললেন পরীমণি

0
143

বিনোদন ডেস্ক- আগামী অক্টোবরেই শেষ হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ। সব কিছু ঠিক থাকলে ওই মাসে কিংবা নভেম্বরেই হতে পারে নতুন নির্বাচন। আর এতে কারা অংশগ্রহণ করবেন, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

 

বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, এবারের নির্বাচন হবে বেশ কঠিন। ফাঁকা মাঠে গোল করার সুযোগ এবার আর থাকছে না। কারণ, নির্বাচনী ময়দানে ফিরছেন সাবেক সভাপতি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তিনি গঠন করতে চলেছেন নতুন প্যানেল। যেখানে তিনি সভাপতি ও চিত্রনায়িকা নিপুণ হবেন সাধারণ সম্পাদক।

 

শাকিব-নিপুণের প্যানেল থেকে দেখা মিলতে পারে মৌসুমী, ফেরদৌস, পূর্ণিমা, নিরবসহ নানা প্রজন্মের আরও কয়েকজন তারকার।

 

অপরদিকে বর্তমান সভাপতি মিশা সওদাগর নির্বাচন করছেন না। তাই সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে সাধারণ সম্পাদক হিসেবে নতুন প্যানেল তৈরি করতে চান জায়েদ খান। তিনি টানা দুই দফা একই পদে আছেন। থাকতে চান এবারও।

 

এদিকে জায়েদ খানের সঙ্গে নাম শোনা গেলেও নির্বাচনে অংশ নেওয়ার কথা ডিপজল ভাবছেন না বলে গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কেবল শিল্পী সমিতি নয়, কোনো নির্বাচনেই আর অংশ নেবেন না। শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই খল অভিনেতা।

 

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান মিশা-জায়েদ প্যানেলটি আগের মতো অনুকূল পরিবেশে নেই। একে তো তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আসছেন দেশের চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় তারকা শাকিব খান, অন্যদিকে চলতি বছর পরীমণিসহ নানা বিতর্কে তারা সমালোচিত হয়েছেন।

 

আরও আছে সদস্যপদ বাতিল, জ্যেষ্ঠ শিল্পীদের নাম ব্যবহার করে নানা ধরনের সুবিধা হাসিল প্রভৃতি। তবে অনেক শিল্পীর দুঃসময়ে পাশে থাকায় প্রশংসিত হয়েছিলেন তারা।

 

সম্ভাব্য এই প্যানেলের বিষয়টি জানতে চাইলে নিপুণ বলেন, ‘এখনও কিছু চূড়ান্ত নয়। একটু সময় লাগবে। তবে সামনের মাসে (অক্টোবরে) পুরো বিষয়টি জানাতে পারবো। সবার সহযোগিতা ও সমর্থন নিয়েই সামনে যেতে চাই।’

 

এদিকে, নির্বাচনে নাম শোনা যাচ্ছে পরীমণিরও! তবে মামলা ও নানা বিতর্কের কারণে তার নির্বাচন করার সম্ভাবনা খুবই কম। আর নির্বাচন করলে পরীমণিকে দেখা যাবে শাকিব খানের প্যানেলে, সে বিষয়ে সন্দেহ নেই কারও। যদিও এই বিষয়ে পরীমণি বলেন, ‘ক্ষমা করবেন প্লিজ। আমি আপাতত অন্য কিছু নিয়ে ভাবতে পারছি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here