Home খেলাধুলা টাইগারদের বোলিং তোপে ৯৩ রানেই অলআউট নিউজিল্যান্ড

টাইগারদের বোলিং তোপে ৯৩ রানেই অলআউট নিউজিল্যান্ড

0
116

স্পোর্টস আপডেট ডেস্ক- আগের ম্যাচে মাত্র ১২৮ করেও জিতে গিয়েছিল নিউজিল্যান্ড। সিরিজ জয়ের অপেক্ষা তাই বেড়েছে টাইগারদের। তবে এবার আর কিউইদের ওত রান পর্যন্ত যেতে দেননি নাসুম-মোস্তাফিজরা।

 

টাইগারদের বোলিং তোপে ইনিংসের ৩ বল বাকি থাকতে মাত্র ৯৩ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। অর্থাৎ এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে করতে হবে ৯৪ রান।

 

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় কিউইরা। প্রথম ওভারেই সাফল্য পান নাসুম আহমেদ। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার রাচিন রবীন্দ্র।

 

এরপর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে নাসুম আহমেদ ফেরান নিউজিল্যান্ডের আরেক ওপেনার ফিন অ্যালানকেও। ২.৪ ওভারে মাত্র ১৬ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা।

 

১৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর দলকে খেলায় ফেরান অধিনায়ক টম ল্যাথাম ও উইলি ইয়াং। ভঙ্গকর হয়ে ওঠা এই জুটি ভাঙেন মেহেদি হাসান। তার শিকার হয়ে ১০.৩ ওভারে ৫১ রানে ফেরেন কিউই অধিনায়ক ল্যাথাম।

 

১২তম ওভারে বোলিং এসে নতুন ব্যাটসম্যান হেনরি নিকোলাসকে বোল্ড করেন নাসুম আহমেদ। ঠিক পরের বলে নাসুমের চতুর্থ শিকার হন কলিন ডি গ্রান্ডহোম। তার শিকার হয়ে একে একে সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র, ফিন অ্যালান, হেনরি নিকোলাস ও কলিন ডি গ্রান্ড হোম।

 

নাসুম আহমেদের স্পিনে বিভ্রান্ত নিউজিল্যান্ড। চার ওভারে মাত্র ১০ রানে নিউজিল্যান্ডের প্রথম সারির চার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান বাঁ-হাতি এ অর্থোডক্স স্পিনার। তার বলে বিভ্রান্ত হয়ে একে একে সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র, ফিন অ্যালান, হেনরি নিকোলাস ও কলিন ডি গ্রান্ডহোম। ১১.৩ ওভারে ৫২ রানে ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড।

 

এরপর কিউই শিবিরে জোড়া আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। তার বলে ক্যাচ তুলে দিয়ে পরপর দুই বলে আউট হন টম ব্লান্ডেল ও কোল ম্যাককলিন। ৮ বলে ৪ রান করা এজাজ প্যাটেলকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন।

 

ইনিংসের শেষ ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে উইলি ইয়াং ও ব্লেয়ার টিকনারকে আউট করে ১৯.৩ ওভারে নিউজিল্যান্ডকে ৯৩ রানে গুঁড়িয়ে দেন মোস্তাফিজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here