বিনোদন ডেস্ক- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। এরই মধ্যে নতুন করে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে। গুঞ্জন উঠেছে চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে সভাপতি নির্বাচন করবেন মনোয়ার হোসেন ডিপজল।
তবে বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন এই অভিনেতা। তিনি বললেন, ‘শুধু শিল্পী সমিতি কেন, জীবনে আর কোনো নির্বাচনই করমু না।’
সম্প্রতি একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, জায়েদ খানের প্যানেলে নির্বাচন করতে যাচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই খল অভিনেতা। তাদের সঙ্গে থাকবেন রুবেল, আলেকজান্ডার, জয় চৌধুরীসহ বর্তমান কমিটির অনেকেই।
এ বিষয়ে জানতে চাইলে ডিপজল বলেন, ‘আমি নির্বাচন করুম আর আমিই জানি না, এইডা কেমুন কথা? আমার সাথে কেউ কথা না কইয়া খবর প্রকাশ করে কিভাবে, আমার সাথে কথা কইলেই তো জিনিসটা দিনের মতও পরিস্কার হইতো।’
কেন নির্বাচন করবেন না? এর জবাবে ডিপজল বলেন, ‘আমার শরীর ঠিক নাই। ওপেন হার্ট সার্জারি করছি, কয়দিন আগে চক্ষু অপারেশন করাইলাম। শরীর ফিট নাই ভাই। এখন আর নির্বাচনের চিন্তা করি না। শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনই করবো না। ভাবছিলাম সংসদ নির্বাচন করবো, কিন্তু এখন আর কোনো পরিকল্পনা রাখি না। আমার শরীরটা ভালো না। ভালো হইলেও নির্বাচন করবো না। আমার জন্য দোয়া করবেন।’
ডিপজল জানান, অনেক কাজ হয়েছে এখন তার বিশ্রামে থাকা দরকার। তাই বিশ্রামে থাকতে চান তিনি। নাতি নাতনিদের নিয়ে খেলাধুলা করে জীবন কাটাতে চান। পাশাপাশি ভালো লাগলে দু একটি ছবিও করবেন।
