পরীমণির মুখে হাসি ফুটেছে

বিনোদন ডেস্ক- জেলখানার লাল দেয়ালের ঘেরাটোপে ২৭ দিন কাটিয়ে অবশেষে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিলেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বুধবার সকালে কারামুক্ত হন এ নায়িকা।

 

সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে শুভ্রবসনে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বেরিয়ে আসেন অভিনেত্রী। তিনি এখন রয়েছেন বনানীর ভাড়া বাসায়। এখনও আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সঙ্গে কথা বলেননি তিনি।

 

তবে ২৭ দিনের বন্দি জীবনের ধকল কাটিয়ে ঘরে ফেরার পর আপন পরিবেশে হাসি ফুটেছে পরীর মুখে।

 

১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে বনানীর বাসায় ফেরার পর পরীমনির সঙ্গে দেখা করতে যাচ্ছেন অনেকেই। এদের একজন অভিনেত্রী রাজরীপা। তিনি বৃহস্পতিবার যান বাসাটিতে। রাজরীপা মুক্তি নামের একটি সিনেমায় অভিনয় করছেন। এ ছাড়া তাকে দেখা গেছে দহন সিনেমায়।

 

পরীমনির সঙ্গে দেখা করে কী বুঝলেন রাজরীপা? পরীমনিকে কেমন দেখলেন তিনি?

 

সংবাদমাধ্যমকে রাজরীপা বলেন, ‘পরীমনি আপুকে আমি আগে শুধু নামে চিনতাম। তার সঙ্গে আমার কখনও সামনাসামনি দেখা হয়নি। আমার খুব ইচ্ছা ছিল, তাকে আমি সামনাসামনি অভিনন্দন জানাব বা শুভেচ্ছা জানাব।’

 

রাজরীপা বলেন, ‘একটা মানুষ এত সুইট হয় কীভাবে! তার কথা, আপ্যায়ন থেকে শুরু করে, আমি তার বাসায় গিয়েছি, তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আমি মুগ্ধ হয়ে গেছি।’

 

পরীমনির জন্য ন্যায়বিচারের দাবিতে ২২ আগস্ট শাহবাগে দাঁড়িয়েছিলেন রাজরীপা। সেখানে পরীমনিকে বড় বোন বলে সম্বোধন করেন রাজরীপা।

 

রাজরীপা বলেন, “পরীমনি আপু বললেন, ‘আপি ডাকটা তুই খুব মন থেকে ডাকিস। তুই আমার ছোট বোন।’ এই বলে সে তার দুই পায়ে সোনার যে পায়েল পরা ছিল, তার একটি খুলে আমার পায়ে পরিয়ে দিলেন। বলতে পারেন আমাকে ছোট বোন বলে স্বীকৃতি দিলেন।’’

 

রাজরীপা আরও জানান, পরীমনি তাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন।

 

পরীমনিকে কেমন দেখলেন, জানতে চাইলে রাজরীপা বলেন, ‘আমি পরীমনি আপুকে বেশ নরমালই দেখেছি। হাসিখুশি ছিলেন। তিনি একটা মানসিক ট্রমার মধ্যে ছিলেন। সে বিষয়ে আমি তার সঙ্গে কথা বলিনি বা বলতে চাইনি। তিনিও তার ব্যক্তিগত বিষয় আমার সঙ্গে শেয়ার করেননি।’

 

উল্লেখ্য, বুধবার সকাল ৯টা ২১ মিনিটে মাদক মামলায় জামিনে মুক্ত হয়েছেন পরী মণি। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাঁকে হস্তান্তর করেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ। ৯টা ৩৭ মিনিটে নিজের গাড়িতে করে বের হন পরী।

 

গত ৪ আগস্ট পরী মণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে মা-দক উদ্ধার করা হয় বলে দাবি করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *