নজর২৪, ঢাকা- আদালতের জামিন আদেশের পর অভিনেত্রী পরীমনি মঙ্গলবারই মুক্তি পাবেন বলে আশাবাদী তার আইনজীবী। পরীমনিকে আনতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রওনা দিয়েছেন তার স্বজনেরা।
ঢাকা মহানগর দায়রা জজ এ কে এম ইমরুল কায়েশ মঙ্গলবার এ আদেশ দেন। এ আদেশের ফলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা পরীমনির মুক্তিতে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী মো. মজিবুর রহমান।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে জামিননামা (বেইল বন্ড) প্রস্তুত করে আদালতে দাখিল করেছি। কাশিমপুর মহিলা কারাগারে বার্তা পাঠানো হয়েছে৷ বিচারক জামিননামায় স্বাক্ষর করলে আজই পরীমনি মুক্তি পাবেন।’
পরীমনির স্বজনরা জামিনের খবর পেয়ে অনেকেই কাশিমপুর মহিলা কারাগারের উদ্দেশে রওয়ানা হয়ে গেছেন বলেও জানান এই আইনজীবী।
পরীমনির পক্ষে আদালতে জামিন শুনানি করেন আইনজীবী মো. মজিবুর রহমান। তাকে সহায়তা করেন নীলাঞ্জনা রিফাত সুরভীসহ আরও কয়েকজন আইনজীবী।
জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, জামিন পাওয়া একটা অধিকার। তবে আমরা জামিনের বিরোধিতা করেছি। আদালত যেটা ভালো মনে করেছেন সেটাই আদেশ দিয়েছেন। এতে আমাদের কিছু করার নেই।
এর আগে গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতেই পরীমণির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। এত দিন পরে শুনানির দিন ধার্য করায় পরীমণির আইনজীবীরা হাইকোর্টে যান। তারা দ্রুততম সময়ে জামিনের আবেদন করেন। হাইকোর্টের নির্দেশে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ জামিন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বরের বদলে ৩১ আগস্ট (আজ) দিন ধার্য করেন।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
এরপর ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট এবং ২১ আগস্ট থেকে আজ ৩১ আগস্ট সকাল পর্যন্ত পরীমণি গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন।
