Home আলোচিত পরীমণির জামিন শুনানি কেন দ্রুত হবে না: হাইকোর্ট

পরীমণির জামিন শুনানি কেন দ্রুত হবে না: হাইকোর্ট

0
284

নজর২৪, ঢাকা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদনের বিষয়টি আগামী দুই কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

একই সঙ্গে জামিন আবেদন কেন দ্রুত নিষ্পত্তি হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে বিষয়টি হাইকোর্টকে জানাতে হবে।

 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

 

আদালতে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

 

এর আগে গত ২৫ আগস্ট পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার জামিন শুনানির জন্য দীর্ঘদিনের ব্যবধানে (আগামী ১৩ সেপ্টেম্বর) দিন ধার্য করা নিম্ন আদালতের আদেশের যৌক্তিকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে তার আইনজীবী আবেদন জানান। একইসঙ্গে ওই আবেদনে পরীমণির জামিন চাওয়া হয়েছে।

 

তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন।

 

পরে গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির জামিন আবেদন করা হয়। সে আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে গত ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here