নিজস্ব প্রতিবেদক, নজর২৪- গত ৪ আগস্ট ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে বনানীর বাসা থেকে মাদকসহ গ্রেফতার করে র্যাব। এরপর তিন ধাপে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে আদালতের নির্দেশে কাশিমপুর কারাগারে রয়েছেন পরীমণি।
এই ঘটনায় গত কয়েক দিনে শোবিজ অঙ্গনের অনেকেই পরীমণির পক্ষে এগিয়ে এসেছেন। যার যার অবস্থান থেকে আওয়াজ তুলছেন নায়িকার মুক্তির জন্য। এবার পরীমণির পাশে দাঁড়ালেন ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা রাজ রিপা।
আজ শনিবার (২১ আগস্ট) বিকালে পরীমণির মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে এক কর্মসূচিতে অংশ নিয়ে পরীমণির মুক্তি চান তিনি।
এসময় চিত্রনায়িকা রাজ রিপা নজর২৪ কে বলেন, ‘পরীমণি তেমন কোনো অন্যায় করেনি, যার কারণে তাকে এভাবে ধরে আটকে রাখতে হবে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, পরীমণিকে যেন মুক্তি দেওয়া হয়।’
তিনি বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করি। একজন পরীমণি তৈরি হতে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে তাকে, যা সবাই পারে না। আমার প্রত্যাশা সে যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসে।’
উল্লেখ্য, তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে আজ শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে পরীমণিকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
অন্যদিকে পরীমনির আইনজীবীরা তার সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। এরপর বিচারক আবেদনটি শুনে আদেশ পরে দেবেন বলে জানান। বিচারক এজলাস ত্যাগ করলে পরীমনি আইনজীবীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এরপর বিচারক দেখা করার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
