নজর২৪, মাগুরা- ঢাকা থেকে নববধূকে নিয়ে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা। ওই ছাত্রলীগ নেতা মাগুরার মহম্মদপুর উপজেলার হাজিবাড়ি এলাকায় নববূধুকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
শুক্রবার (২০ আগস্ট) বিকাল ৫টার দিকে আমিনুর রহমান ডিগ্রি কলেজ মাঠে হেলিকপ্টারটি পৌঁছলে সাধারণ মানুষ দেখতে ভিড় করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাগুরার সরকারি গার্লস স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মৃত এটিএম আব্দুল ওমর ফারুকের বড় ছেলে আব্বাস আল কোরেসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি। তিনি ২০১৩-১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হয়ে পড়ালেখা শেষ করেন।
শুক্রবার দুপুরে মৃত এটিএম আব্দুল ওমর ফারুকের বড় ছেলে আব্বাস পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আমিনুর রহমানের কন্যা ফরিদপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী জান্নাতুল নাইমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয় ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে। পরে বর আব্বাস তার স্ত্রী জান্নাতুল নাইমাকে নিয়ে হেলিকপ্টারে করে মহম্মদপুর আমিনুর রহমান কলেজ মাঠে নামেন। খরব শুনে কলেজ মাঠে শত শত মানুষ ভিড় করেন। বর ও নববধূ হেলিকপ্টার থেকে নামলে তাদের বরণ করে নেন পরিবারের লোকজন।
আব্বাস আল কোরেস বলেন, অনেক দিনের একটা স্বপ্ন ছিল, হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, নববধূকে নিয়ে হেলিকপ্টারযোগে মাগুরা আসার বিষয়ে আগে থেকেই আব্বারের পরিবার লিখিত অনুমতি নিয়েছে।
