এবার আইনি জালে ফাঁসছেন আসিফ নজরুল

নজর২৪ ডেস্ক- আফগানিস্তানের চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে বাংলাদেশের নির্বাচন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রলীগ।

 

বুধবার রাত ৮টার দিকে ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান শাহিন বাদী হয়ে এ অভিযোগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

 

তিনি বলেন, ছাত্রলীগের একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। এটি এখন জিডি আকারে দায়ের করা হবে। পরে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে। তাদের পরামর্শ অনুযায়ী এটা মামলা হিসেবে রুজু হতে পারে।

 

লিখিত অভিযোগে মো. নাহিদ হাসান শাহিন বলেন, আসিফ নজরুলের এ স্ট্যাটাস রাষ্ট্রের ভাবমূর্তি, সুনাম ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তার স্ট্যাটাসটি শুধু রাষ্ট্রের ভাবমূর্তি নয় বরং আক্রমণাত্মক তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণ সমাজকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে পারে। এছাড়া তার স্ট্যাটাসের মাধ্যমে সমাজে বিদ্বেষ সৃষ্টি হতে পারে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

 

এ বিষয়ে মামলার বাদী ছাত্রলীগের শাহিন বলেন, আমরা আজকে শাহবাগ থানায় একটা অভিযোগ দিয়েছি এ বিষয়ে। এখানে সাক্ষী হিসেবে ছাত্রলীগের রনি মোহাম্মদ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, শাহাদাত বাংলাদেশ ছাত্রলীগের আইন সম্পাদক, উপ আপ্যায়ন সম্পাদক সুজন শেখকে রাখা হয়েছে।

 

প্রসঙ্গত, তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর কাবুল বিমানবন্দরের ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক আসিফ নজরুলের পোস্ট করা এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

 

মঙ্গলবার (১৭ আগস্ট) অধ্যাপক আসিফ নজরুল এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’

 

এই ঘটনায় বুধবার (১৮ আগস্ট) বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আইন বিভাগে অধ্যাপক আসিফ নজরুলের কক্ষ সিলগালা করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। একই কারণে দুপুরে আসিফ নজরুলের বিভাগীয় কক্ষে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *