তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: উজানের ঢল আর ভারি বৃষ্টিপাতে টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ছে যমুনা নদীর পানি। এতে করে উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। ক্ষতি হচ্ছে সবজি, আমনসহ বিভিন্ন ফসলের। এছাড়াও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী ভূঞাপুরের জিগাতলা,খানুর বাড়ি,কষ্টাপাড়া,ভালকুটিয়া ও চরানঞ্চল সহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
সরজমিনে দেখা গেছে, যমুনাসহ সকল নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ক্ষতি হচ্ছে সবজি, আমনসহসহ বিভিন্ন ফসলের। অনেকেই ঘর সরাতে ব্যস্ত সময় পার করছেন। বসবাস করছেন পলিথিন দিয়ে তৈরি ঘর ও খোলা আকাশের নীচে। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় আতঙ্কে দিন পার করছেন লোকজন।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গেলো ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৫৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২৯ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী মো.সিরাজুল ইসলাম বলেন, উজানের ঢলে জেলার সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। নদীতীরবর্তী যে সমস্ত এলাকায় ভাঙন দেখা দিয়েছে সে সমস্ত এলাকায় ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে।
