Home ফিচার সামর্থ্য থাকলে আফগানদের বাংলাদেশে রাখতাম: পররাষ্ট্রমন্ত্রী

সামর্থ্য থাকলে আফগানদের বাংলাদেশে রাখতাম: পররাষ্ট্রমন্ত্রী

0
117

নজর২৪, ঢাকা- তালেবানের আগ্রসনের মুখে পলায়নপর আফগান নাগরিকদের ঠাঁই দিতে যুক্তরাষ্ট্র যে অনুরোধ করেছে, সামর্থ্য থাকলে বাংলাদেশ তা রাখত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

 

মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শোক দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সামর্থ্য নেই তাদের অনুরোধ রাখার। সামর্থ্য থাকলে অবশ্যই অনুরোধ রাখতাম।’

 

ড. মোমেন বলেন, ‘আমরা এটাকে দুইভাবে দেখছি। একটা হচ্ছে, ইতিবাচক। আমেরিকান প্রশাসনের আমাদের ওপর যথেষ্ঠ আস্থা আছে। তারা আমাদের মূল্যায়ন করে। এ কারণে তারা আমাদের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমাদের কাউকে নেওয়ার মতো অবস্থা নেই। বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা তাদের এটা বলেছি। তারা (যুক্তরাষ্ট্র) যে আমাদের অনুরোধ করেছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট।’

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের যদি ক্ষমতা থাকত তাহলে অবশ্যই তাদের রিকোয়েস্ট (অনুরোধ) বিবেচনা করে দেখতাম। কিন্তু বাস্তবে আমাদের সেই সক্ষমতা নেই।’

 

জানা যায়, দেশত্যাগে ইচ্ছুক কিছু আফগান নাগরিককে বাংলাদেশে আশ্রয় দিতে রোববার অনুরোধ করে যুক্তরাষ্ট্র। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠায় তারা। রোববার (১৫ আগস্ট) রাতেই রাষ্ট্রদূতের মাধ্যমে জবাব পাঠায় ঢাকা।

 

সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার একই প্রস্তাব নিয়ে আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ নিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকও করেন মিলার। সেখানে মিলারকে সচিব জানিয়ে দেন, বাংলাদেশের পক্ষে আর একটি লোককেও নেওয়া সম্ভব হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here