Home প্রধান খবর জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

0
199

নজর২৪, ঢাকা- পল্লবী থানার একটি মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ জামিন মঞ্জুর করেন।

 

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের এ মামলায় হেলেনা জাহাঙ্গীরের পক্ষে জামিন আবেদন করে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।

 

তবে এ মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না হেলেনা জাহাঙ্গীরের। কারামুক্ত হতে হলে তাকে তাকে পল্লবী থানার প্রতারণা মামলা, গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এবং মাদক মামলায় জামিন পেতে হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

 

মামলায় অভিযোগ, হেলেনা জাহাঙ্গীর ও তার দুই সহযোগী হাজেরা খাতুন ওরফে অনি এবং সানাউল্লাহ নুরী ও অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজসে সরকারের অনুমোদন না থাকার পরও জয়যাত্রা টিভি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দাবি করে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধি নিয়োগ করে মোটা অংকের টাকা জামানত হিসেবে গ্রহণ করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। প্রতিনিধিদের কাছ থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করছিলেন ।

 

র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর অভিযানে ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশান-২ এলাকার ৩৬ নম্বর রোডের ৫নম্বর বাড়ি ‘জেনেটিক রিচমন্ড’-এ অভিযান পরিচালনা করে হেলেনা জাহাঙ্গীরকে (৪৯) আটক করা হয়। অভিযানে বিদেশি মদ, ক্যাঙ্গারুর চামড়া, হরিণের চামড়া, মোবাইলফোন, চেক বই ও বিদেশি মুদ্রা, ওয়াকিটকি সেট এবং জুয়া (ক্যাসিনো) খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

 

পরবর্তী সময়ে তার জয়যাত্রা টেলিভিশন স্টেশনেও অভিযান পরিচালনা করা হয়। পরে বিটিআরসির সহযোগিতায় মিরপুরে অবস্থিত হেলেনা জাহাঙ্গীরের অনুমোদনহীন জয়যাত্রা টেলিভিশন স্টেশন সিলগালা করে এবং অবৈধ মালামাল জব্দ করে।

 

পরে পৃথক চার মামলায় তার ১৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here