মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে শোক র্যালী, শ্রদ্ধা নিবেদন, দোয়া, আলোচনা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং কুমুদিনী হাসপাতাল, মির্জাপুর সরকারি কলেজসহ নানা পেশাজীবী, রাজনৈতিক ও বেসরকারি সংগঠন ভিন্ন ভিন্ন আয়োজনে দিবসকে পালন করেছে।
সকালে উপজেলা পরিষদ চত্বরের মুক্তির মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের জনগণ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভ‚মি) মো. জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এদিকে মির্জাপুর পৌরসভায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্থানীয় দলীয় কার্যালয়ে দোয়া পরিচালনা করা হয়।





