বিনোদন ডেস্ক- আলোচিত অভিনেতা নিলয় আলমগীর দ্বিতীয় বিয়ে করেছেন। মাসখানেক আগে বিয়ে করলেও বিষয়টি জানিয়েছেন গত বুধবার।
নিজের ফেসবুকে বিয়ের কিছু ছবি আপলোড করে খবরটি প্রকাশ করেন নিলয়। আর এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
স্ত্রী তাবাসসুম হৃদির সঙ্গে তার ছবি পোস্টের পর কিছু বাজে মন্তব্য জমা পড়ছে মন্তব্যের ঘরে। নেটিজেনদের এমন আচরণে হতাশ নিলয়। শনিবার (১৪ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন।
অভিনেতা জানান, বিয়ে উপলক্ষে স্ত্রী হৃদির সঙ্গে প্রায় এক হাজার ছবি তুলেছেন। কিন্তু সেগুলো আপলোড করতে পারছেন না নেটিজেনদের গালির ভয়ে।
নিলয়ের এই স্ট্যাটাস দেখে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সরব হয়েছেন। তিনি অভিনেতাকে সহমর্মিতা জানিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন।
ফারিয়া লিখেছেন, ‘সরি নিলয় ভাই, কেউ ভালো আছে, সুস্থ আছে, সুখে আছে, খুশি আছে দেখলে আমরা সহ্য করতে পারি না! তাদের টেনে ধরে নিচে নামাতে ইচ্ছে হয় আমাদের! আমাদের নিজেদের জীবনে কোনো সুখ নাই, তাই অন্য কারোর ভালো থাকাও মেনে নিতে পারবো না। আমরা এমনই হিংসুইট্টা, প্লিজ কষ্ট পেয়ো না।’
নিলয়কে শুভকামনা জানিয়ে ফারিয়া আরও লিখেছেন, ‘তুমি সেইটাই করো, যেইটা তোমাকে খুশি দেয়! আমাদের ছ্যাঁচড়ামি কোনো কিছুর মূল্যেই থামানো যাবে না। অনেক অনেক দোয়া আর শুভ কামনা তোমার নতুন জীবনের জন্য।’
উল্লেখ্য, ২০১৬ সালে নিলয়ের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী আনিকা কবির শখের। বছর না যেতেই সেই সম্পর্কের ইতি টানেন নিলয়-শখ।





