বিনোদন ডেস্ক- সময়ের আলোচিত সমালোচিত চলচ্চিত্র নায়িকা পরীমনিকে গ্রেপ্তারের পর থেকে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। তার গ্রেপ্তারে পর থেকে বিরূপ মন্তব্যের শিকার হচ্ছেন অনেক অভিনেত্রী। এরই চিত্র উঠে এলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী-মডেল ফারিয়া শাহরিনের ফেসবুক পোস্টে।
ছোটবোনের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের জন্য বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এসময় বিরূপ মন্তব্যের শিকার হচ্ছেন তিনি। নিজ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে কেমন নোংরা মন্তব্যের শিকার হচ্ছেন তা একদম খোলামেলা বলেছেন ফারিয়া শাহরিন।
শুক্রবার (১৩ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে ফারিয়া শাহরিন লিখেছেন, ‘মাঝেমাঝে মনে হয় মিডিয়ায় যদি না আসতাম তাহলে কি কারো সাহস হতো আমাকে গালি দেয়ার? কোনো নষ্টামি, ভন্ডামি লুচ্চামি না করেও দিন শেষে শুনতে হয় কত টাকা কামাইলি? কার ফ্ল্যাটে উঠলি? প্রতি রাতের রেট কত? মদ থাকলে সরিয়ে ফেল, কার কার বিছানা গরম করলি?’
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের মন্তব্য দেশের অনেক অভিনেত্রীকেই শুনতে হয়। তারা এগুলোকে এড়িয়ে যান। তবে ফারিয়া শাহরিন জানালেন, তিনি এসব সহ্য করতে পারেন না।
ফেসবুকে লিখেছেন, ‘অনেক সেলিব্রেটি হয়তো এসব ইগনোর করতে পারেন কিন্তু আমি পারি না। রক্ত উঠে যায় মাথায়। এই যে এতোগুলো বছর ভালো থাকলাম, এতো অনেস্ট থাকলাম। কত মানুষ কত টাকার লোভ দেখাল, নিজেকে তাও কন্ট্রোল করলাম। দিনশেষে কি পেলাম আমি, ‘মা…’ নামক একটা উপাধি। আর কিছু না। খুব কষ্ট হয়, কিছু মানুষের জন্য মানুষের এইভাবে কথা বলার সাহস হয়।’
উল্লেখ্য, ফারিয়া শাহরিন সর্বশেষ আলোচিত হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করে। কাজল আরেফিন অমি পরিচালিত সে নাটকে তাকে দেখা গেছে অন্তরা চরিত্রে।
