বিনোদন ডেস্ক- গত ৪ আগস্ট বিকেল চারটার কিছু পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরুর সঙ্গে সঙ্গে বনানীর বাসা থেকে ফেসবুক লাইভে আসেন চিত্রনায়িকা পরীমনি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই লাইভ। একই সময়ে একসঙ্গে দুই লাখের বেশি মানুষ দেখে এই লাইভ।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত শুধু তাঁর ভ্যারিফায়েড পেজ থেকেই ভিডিওটির মোট ভিউ হয়েছে ৩ কোটি ৯০ লাখ। মন্তব্য পড়েছে ৭ লাখ ৪৪ হাজারের বেশি। ভিডিওটিতে লাইক পড়েছে ১৯ লাখ। শেয়ার হয়েছে ১ লাখ ৫৫ হাজারের বেশি। এটা শুধু তাঁর ভ্যারিফায়েড পেজের হিসাব।
এর বাইরে ইউটিউব ও অন্যান্য মাধ্যমের শত চ্যানেল থেকে প্রচারিত হয়েছে ৩১ মিনিট ৫৪ সেকেন্ডের এই লাইভের রেকর্ডেড ভার্সন। সেগুলোর মোট হিসাব বের করা কঠিন। তবে এই সংখ্যাও কোটির নিচে হবে না। সব মিলিয়ে এই লাইভ দেখা হয়েছে ৪ কোটির বেশিবার।
সাধারণত এত অল্প সময়ের মধ্যে কোনো ভিডিওর প্রতি মানুষের এত আগ্রহ দেখা যায়নি। ডিজিটাল বিজনেসের সঙ্গে যুক্ত অনেকের মতে, ‘নিঃসন্দেহে এটা অনেক বড় একটা সংখ্যা। এমনটা আমরা সাধারণত দেখি না। পরীমনির ইস্যুতে দেশ–বিদেশের সবার তুমুল আগ্রহ ছিল।’
খোঁজ নিয়ে জানা গেছে, ৭ জুনের বোট ক্লাব–কাণ্ড ও ৪ আগস্টের গ্রেপ্তার, দুই ঘটনায় দুই মাসে ফেসবুকে তাঁর অনুসারী বেড়েছে ২০ লাখ। জুনে পরীমনির অনুসারী ছিল ১ কোটি ১৭ লাখ, এখন তা বেড়ে হয়েছে ১ কোটি ৩৭ লাখ! দেশের বিনোদন অঙ্গনের আর কোনো তারকাশিল্পীর এত অনুসারী নেই।
উল্লেখ্য, আলোচিত অভিনেত্রী পরীমনি গত ৪ আগস্ট রাজধানী বনানীর বাসা থেকে র্যারের হাতে গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়। এরপর প্রথমে চারদিনের রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে। এই রিমান্ড শেষে আবার দুই দিনের রিমান্ডে আছেন তিনি।
প্রসঙ্গত, গেল বছরের ডিসেম্বরে এশিয়ার ডিজিটাল তারকার তালিকা প্রকাশ করে আমেরিকার প্রখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এতে ১০০ জন ‘এশিয়া-প্যাসিফিকস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সেলেব্রিটিস অন স্যোশাল মিডিয়া’র তালিকায় স্থান করে নেয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
ওই তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান, মাধুরী দীক্ষিতসহ বেশ কয়েকজন বলিউড তারকার নাম। ডিজিটাল মাধ্যমে প্রতিনিয়ত ঝড় তোলা এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ রকম ১০০ জন কণ্ঠশিল্পী, ব্যান্ডশিল্পী, চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীকে এ তালিকায় রাখা হয়।
