নজর২৪ ডেস্ক- আবারও নতুন করে গ্রাহকদের সুখবর দিতে যাচ্ছে ইভ্যালি। আগের অর্ডার ডেলিভারি সহ নতুন আরও সুবিধা নিয়ে হাজির হতে যাচ্ছে দেশের অন্যতম বড় এই ই-কমার্স প্রতিষ্ঠানটি।
বুধবার (১১ আগস্ট) প্রতিষ্ঠানটির ‘ইভ্যালি অফার অ্যান্ড রিভিউ’ নামের অফিসিয়াল ফেসবুক গ্রুপে দেওয়া এক স্ট্যাটাসে মোহাম্মদ রাসেল জানান শিগগিরই নতুন সুখবর দিবেন গ্রাহকদেরকে।
তিনি সেই স্ট্যাটাসে লেখেন, ‘’সময় দিন, ইভ্যালির ভেলকি পজিটিভলি যেকোনো সময় দেখতে পারবেন। আমরা ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনাদের ডেলিভারির পাশাপাশি বিভিন্ন সুখবর দিতে থাকব।‘’
রাসেল বলেন, ‘আপনারা ইতোমধ্যে জেনেছেন, বাণিজ্য মন্ত্রণালয় আমাদের তিন সপ্তাহ সময় দেবে তথ্য সরবরাহের জন্য। বাণিজ্য মন্ত্রণালয়ের একমাত্র উদ্দেশ্য গ্রাহকদের স্বার্থ রক্ষা। আপনারা জানেন, আপনাদের বর্তমান অর্ডারগুলো শুধু ডেলিভারির পর আমরা টাকা পাই। অর্থাৎ আপনার টাকার নিরাপত্তা এখন দেওয়া হচ্ছে।
যেহেতু অধিকাংশ পণ্য অগ্রিম টাকা দিয়ে আমাদের কিনতে হয়, ফলে বিনিয়োগের বিশাল একটা অংশ আমাদের বর্তমান বিজনেস পরিচালনায় ব্যবহৃত হচ্ছে। আমাদের আগের অর্ডারগুলোর ডেলিভারি চলমান রয়েছে। এ ডেলিভারি দ্রুততর করার জন্য কিন্তু বিনিয়োগ ব্যবস্থা করা হয়েছে এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘যাদের অর্ডার পেন্ডিং তাদের মানসিক অবস্থা অবশ্যই আমাদের বোধগম্য। কিন্তু একটি বিষয় আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনার অর্ডার অথবা রিফান্ড কিছুটা বিলম্ব হলেও আপনি অবশ্যই সেটি পেয়ে যাবেন। অনেকে উদ্বিগ্ন থাকার দরুন আমাদের অফিসে এসে অথবা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে দ্রুত ডেলিভারি বা রিফান্ডের পরিকল্পনা করছেন। সত্যিকার অর্থে এই আমরা যে বিজনেস করেছি, সেখানে আমাদের মেইন অ্যাসেট হলো আমাদের ব্র্যান্ড ভ্যালু।
ফলে চাপ প্রয়োগে আমাদের বিজনেস বন্ধ হলে অ্যাসেট সেল করে আপনাদের সব অর্ডার ডেলিভারির কোনো সম্ভাবনা নেই। বরং আমরা বিজনেস চালিয়ে যেতে পারলে আপনাদের সব অর্ডার ডেলিভারি করতে পারব। আমরা সেজন্য বিগত মাসে ৬ মাস সময় চেয়েছি। আপনারা জানেন, আমরা রেগুলারলি পুরাতন অর্ডার ডেলিভারি করে যাচ্ছি। আমরা গত ৪০ দিনে আড়াই লাখের অধিক অর্ডার ডেলিভারি করেছি। আমরা ইক্যাব-কে কাস্টমারদের ডিটেইলসসহ সাবমিট করেছি। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা একটু সময় দিন। চাপ প্রয়োগে আপনার অর্ডার দ্রুত দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই।’
ইভ্যালি এখন সম্পূর্ণ নীতিমালা মেনে বিজনেস করছে উল্লেখ করে রাসেল বলেন, ‘আপনারা এটাও জানেন আমরা এখন সম্পূর্ণ নীতিমালা মেনে বিজনেস করছি। সুতরাং কোনো ই-কমার্সের সঙ্গে তুলনা করে ডেলিভারি টাইম লাইন না দেখার অনুরোধ রইল। আমরা শতভাগ আশাবাদী, আপনারা একটি শক্তিশালী ইভ্যালি অবশ্যই দেখতে পাবেন। আমরা ৬ মাস বলেছি সর্বোচ্চ সময় বিবেচনা করে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের সূত্র ধরে নতুন করে আলোচনায় আসে ইভ্যালি। ওই প্রতিবেদন এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বর্তমানে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে।
