বিনোদন ডেস্ক- মাদকসহ আটক হওয়ার পর চিত্রনায়িকা পরীমণি ইস্যুতে বেশ আলোচনা-সমালোচনা চলছে। একে একে বেরিয়ে আসছে নানা রকম চাঞ্চল্যকর তথ্য।
জানা যায়, প্রতি বছর এফডিসিতে সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন পরীমণি। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহায়ও এ অভিনেত্রী ৬টি গরু কোরবানি দিয়েছেন। আর সেই গরু দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সেলিম খান ব্যাখ্যা প্রদান করেছেন।
সেলিম খান গণমাধ্যমকে বলেন, ‘আমি পরীমনিকে গরু দেইনি। চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিকে ৪টি গরু প্রদান করেছি। এ ছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রশাসকের সঙ্গে আলোচনা করে দুটি গুরু দিয়েছি। পরিচালক, শিল্পী ও প্রযোজকদের তত্ত্বাবধানে এসব গরু কোরবানি দেওয়া হয়। আমার প্রযোজিত কোনো ছবিতেও পরীমনি অভিনয় করেননি। এমন সংবাদ প্রকাশ করায় আমি খুবই ব্যথিত হয়েছি।’
উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় ৪ দিনের রিমান্ড শেষে ঢাকাই সিনেমার আলোচিত এ নায়িকাকে মঙ্গলবার (১০ আগস্ট) আরও ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও ২ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
