নজর২৪ ডেস্ক- বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েন।
বিপুল মাদকসহ পরীমনিকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দা কর্মকর্তারা।
জিজ্ঞাসাবাদে পরীমনি জানিয়েছেন, নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলায়েনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার। এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন। এমনকি সাকলায়েন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সর্বশেষ গত ১ আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরীমনি। সেখানে প্রায় ১৮ ঘণ্টা অবস্থান করেন।
এরই মধ্যে পরীমনি-সাকলায়েনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে। ফুটেজটি সাকলায়েনের সরকারি বাসভবনের।
সেখানে দেখা গেছে, রাজাবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে ১ আগস্ট সকাল ৮ টা ১৫ মিনিটে একটি সাদা গাড়ি এসে থামে। লাল রংয়ের টি-শার্ট পরিহিত একজন প্রথমে নামেন। এরপর কোলে একটি কুকুরসহ সাদা রংয়ের জামা পরে নামেন নায়িকা পরীমনি।
রিসিপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন। পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। প্রায় ১৮ ঘণ্টা পর রাত দেড়টার দিকে ওই ভবনের সামনে আবার আসে পরীমনির গাড়ি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরীমনির পরনে ছিল কালো রংয়ের পোশাক।
জানা গেছে, বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে পরিচয় ডিবি কর্মকর্তা সাকলায়েনের। সেই সূত্র ধরে গড়ে উঠেছিল ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর পরীমনির বাসায় যাতায়াত শুরু করেন তিনি। মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দুজনে। সর্বশেষ নায়িকা সাকলায়েনের বাসায় গিয়ে প্রায় ১৮ ঘণ্টা সময় কাটান।
পরীমনির গাড়িচালক নাজির হোসেন জানান, হাতিরঝিল এলাকায় একই গাড়িতে তারা দুজন সময় কাটিয়েছেন, ঘোরাঘুরি করেছেন। একসঙ্গে মদপানও করেছেন।
এ প্রসঙ্গে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাক্তিগত নাম্বার থেকে ডিবি কর্মকর্তা সাকলায়েন একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদকের সঙ্গে কথা বলেন।
সেখানে তিনি বলেন, ‘পরিমনির সাথে আমার ভালো সম্পর্ক। কার সাথে আমি গাড়িতে ঘুরবো সেটা একটি অন্য একটি বিষয়। তবে, পরীমনিকে আমি বিয়ে করিনি’।
তিনি আরো প্রশ্ন রাখেন, ‘আমি কার সাথে ঘুরবো না ঘুরবো, সেটা এভাবে নিউজে আসবে কেন’। তিনি আরো বলেন, ‘বিষয়টি খুবই স্পর্শ কাতর, পরীমনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছে সেখানেও তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে’।
গোলাম সাকলায়েন দাবি করেন পরীমনি তার বাসায় যাননি। তবে গণমাধ্যমের হাতে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য আছে জানালে তিনি বিষয়টি সঠিক নয় বলেও দাবি করেন।
উল্লেখ্য, চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ‘১৮ ঘণ্টা সময় কাটানোর’ খবর গণমাধ্যমে আসার পর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়, “মহানগর গোয়েন্দা বিভাগে কর্মরত এডিসি গোলাম সাকলায়েনকে ডিবির সকল কার্যক্রম থেকে নিবৃত্ত করা হয়েছে।”
পরে গোলাম সাকলায়েনকে ডিবি থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে বদলি করার কথা জানানো হয় ঢাকা মহানগর পুলিশের আরেক বার্তায়।
