অলিম্পিক ফুটবলে এবারও চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস আপডেট ডেস্ক- ঘরের মাঠে কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া হওয়ার পর অলিম্পিকসের দিকে তাকিয়ে ছিল ব্রাজিল। এই মঞ্চে লাতিন সমর্থকদের হতাশ করেনি সেলেসাওরা। স্পেনকে হারিয়ে ফুটবলে স্বর্ণ জিতেছে ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয়বার স্বর্ণ জয়ের স্বাদ পেল হলুদ জার্সিধারীরা।

 

১৯৯২ সালে ঘরের মাটিতে অলিম্পিকসে সবশেষ স্বর্ণ জেতে স্পেন। আর রানার্স আপ হয় ২০০০ সালের সিডনি আসরে। আর ২০১৬ ঘরের মাঠে অলিম্পিকস আসরে রিওতে অলিম্পিক জেতে ব্রাজিল।

 

এবারও স্বর্ণ ধরে রাখার মিশনে নেমে সফল হলো দলটি। স্পেনকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতেছে অলিম্পিক ফুটবলের সোনা।

 

শনিবার টোকিওর নিশান স্টেডিয়ামে ম্যাচজুড়েই ছিল রোমাঞ্চ। মিস হয়েছে পেনাল্টি। গোলপোস্টও দুই দলের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকবার। মাথেউস কুইয়া প্রথমার্ধের একদম শেষদিকে ব্রাজিলকে এগিয়ে দেন। পরে দ্বিতীয়ার্ধে সমতা আনেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল। অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে সোনা এনে দেন মালকম।

 

ম্যাচের শুরুর দিকে অবশ্য দাপট দেখাচ্ছিল স্পেন। ১৬ মিনিটে প্রায় এগিয়েও গিয়েছিল তারা। অলমোকে আটকাতে গিয়ে কার্লোস নিজের জালেই বল পাঠাতে বসেছিলেন। পরে নিজেই কোনোমতে গিয়ে গোললাইন থেকে সেটি ঠেকান এই ডিফেন্ডার।

 

৩৬ মিনিটে ব্রাজিল পেয়ে গিয়েছিল আরও বড় সুযোগ। ম্যাথিয়াস কুইয়া ফাউল করে বসেন স্পেন গোলরক্ষক সিমোন। কিন্তু পেনাল্টি শট বারের ওপর দিয়ে মারেন রিচার্লিসন। প্রথমার্ধের যোগ করা সময়ে কুইয়া। স্পেনের পাউ তোরেসের ভুলের সুযোগ নিয়ে দুর্বল এক শটে ব্রাজিলকে এগিয়ে দেন তিনি।

 

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ভালো খেলতে থাকে স্পেন। ৫৬ মিনিটে অস্কার গিলের ক্রস থেকে দুর্দান্ত এক গোল করেন মিকেল ওইয়ারসাবাল। এই গোলেই ম্যাচে সমতা ফেরে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

 

সেখানে অবশ্য দাপট দেখিয়েছে ব্রাজিলই। ম্যাচের ঠিক ১০০তম মিনিটে দারুণ সেভে দলকে রক্ষা করেন সিমোন। সাত মিনিট পর আর রক্ষা পায়নি তারা। আন্তোনির লম্বা এক ক্রস থেকে বল পান ম্যালকম।

 

স্প্যানিশ ডিফেন্ডার হেসুস ভায়েহোর ঠিকভাবে নজরে রাখতে পারেননি ম্যালকমকে। বক্সে ঢুকে পড়ে নেওয়া ম্যালকমের শট সিমোনের পায়ে লেগে জালে ঢুকে। তাতেই দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলের সোনা নিজেদের করে নিয়েছে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *