নজর২৪, ঢাকা- আলোচিত অভিনেত্রী পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয় সামনে আসার পর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনকে।
ডিবি থেকে সরিয়ে সাকলায়েনকে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, ‘এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে তার ডিবির সকল দায়িত্ব থেকে নিবৃত্ত করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়েছে।’
এর আগে এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, ‘শিথিলের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত হবে। ডিএমপি ও পুলিশ সদর দপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হবে।’
এ বিষয়ে জানতে গোলাম সাকলাইনের ফোনে কল করা হলে আরেকজন ফোনটি ধরেন। তিনি বলেন, ‘তিনি (সাকলাইন) ছুটিতে আছেন। তার ফোনটি জমা দিয়ে গেছেন।’
