তদন্ত করতে গিয়ে পরীমনির সঙ্গে প্রেম: পদ হারালেন ডিবি কর্মকর্তা সাকলায়েন

নজর২৪, ঢাকা- ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্কে’ জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সিদ্ধান্তে তাকে ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনারের (এডিসি) দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

 

শনিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, ‘শিথিলের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত হবে। ডিএমপি ও পুলিশ সদর দপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হবে।’

 

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তার (সাকলায়েন) বিরুদ্ধে এ ঘটনার কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।’

 

পরীমনির সঙ্গে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের সম্পর্কের বিষয়টি সামনে এলে তা তদন্ত করে দেখার কথা শনিবার সকালেই জানিয়েছিল সিআইডি।

 

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক সকালে ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়, সে যদি কোনো মামলার তদন্ত কর্মকর্তাও হন তাকেও আমরা প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করব। নিরপেক্ষ তদন্তের স্বার্থে যা যা করা প্রয়োজন, আমরা সবাই ব্যবস্থা নেব।

 

‘এসব মামলার সঙ্গে যত প্রভাবশালী ব্যক্তিই জড়িত থাকুক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকলকে আমরা আইনের আওতায় আনব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *