বিনোদন ডেস্ক- আশরাফুল আলম ওরফে হিরো আলম বহুরূপী এক মানুষ। ভক্তদের একের পর এক চমক উপহার দিয়েই চলেছেন তিনি।
তবে তার যেমন ভক্ত রয়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়। পর্দায় বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লুকে দেখা যাচ্ছে তাকে। কখনো টারজান, কখনোবা দৈত্য রূপে হাজির হলেও এবার নারী রূপে হাজির হলেন হিরো আলম!
সরদার প্রোডাকশন ব্যনারে ‘ভাইরাল বউ’ শিরোনামে নতুন এক ভিডিওতে শীঘ্রই দেখা যাবে নারীর বেশে হিরো আলমকে।
এ ব্যাপারে হিরো আলম জানান, ‘আপনারা দেখছেন হিরো আলমের নতুন রূপ। আপনারা সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায় অবস্থায় থাকে। তাদের সেই জীবনের গল্প নিয়ে এই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। সবাই পাশে থাকবেন।’
বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন অভিনেতা। সেখানে নারীর সাজে একটি ছবি পোস্ট করেছেন তিনি।
ছবিতে হিরো আলমকে দেখা যাচ্ছে- কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছেন তিনি। আর গায়ে জড়িয়েছেন টকটকে লাল শাড়ি এবং কাঁধে লেডিস ব্যাগ নিয়ে নারীর মতন দাঁড়িয়ে আছেন।
