শাহজাদপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল রানা (৩৬) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সোহেল রানা শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় গ্রামের মৃত আছাব আলী ব্যাপারীর ছেলে।

 

শাহজাদপুর থানা পুলিশ সোমবার (২৬ জুলাই) রাত আনুমানিক সারে ৯টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোহেল রানা স্থানীয় উপজেলা আঃলীগের দলীয় কার্যালয়ের সামনে পান বিড়ি ব্যাবসা করতো। তার একটি ১০ বছর বয়সী ছেলে ও একটি ৪ বছর বয়সী মেয়ে রয়েছে।

 

সরেজমিনে নিহতের বাড়িতে গেলে তার ভাই আনসার আলী (৬০) জানান, সোহেল রানা মানষিক রোগী ছিল। কিছুদিন স্বাভাবিক থাকলেও মাঝে মধ্যেই পাগলামি করতো, তাকে পাবনা মানসিক হাসপাতালেও চিকিৎসা করানো হয়েছে।

 

তিনি আরো জানান, সোমবার (২৬ জুলাই) বেলা ১১টায় সোহেল রানা বাজারে যায়। পরে বাড়িতে ফিরে জানায় তার অসুস্থ্য অনুভব হচ্ছে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে পৌর শহরের পিপিডি ট্রাস্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

তবে এলাকায় গুঞ্জন রয়েছে যে, তার ফুপাতো ভাই স্থানীয় কাউন্সিলর নাজমুল হোসেনসহ তিনজন তাকে রবিবার পিটিয়ে গুরুতর আহত করে। এর ফলেই অসুস্থ্য হয়ে সোহেল রানার মৃত্যু হয়।

 

এই বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ জানান, সোহেল রানার মৃত্যু অস্বাভাবিক মনে হওয়ায় পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

 

মঙ্গলবার (২৭ জুলাই) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *