আর কত? ডাক্তার-নার্সরা ক্লান্ত হয়ে পড়েছেন : স্বাস্থ্যমন্ত্রী

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ বিষয়ে দেশবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিটি রাষ্ট্রের সক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। আমাদের হাসপাতালে ৯০ শতাংশ সিট বুক হয়ে গেছে। এখনো প্রচুর রোগী আসছে। নতুন করে আর কোথায় হাসপাতাল চালু করব? নতুন তো কোনো ভবনও নেই। ডাক্তার-নার্সরাও ক্লান্ত হয়ে গেছেন। তারা আর কত কাজ করবেন? নতুন চার হাজার ডাক্তার নেওয়া হচ্ছে, নার্স নেওয়া হচ্ছে।

 

সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় লকডাউন বাস্তবায়ন না হলে ভয়াবহ পরিণতির আশঙ্কা করছেন মন্ত্রী।

 

তিনি বলেন, ‘লকডাউন দিয়ে যদি মানাতে না পারি, জনগণ যদি সচেতন না হয়, তাহলে তো ভয়াবহ পরিণতি। হাসপাতালে জায়গা হবে না। ইকোনোমিতে অ্যাফেক্ট পড়বে। প্রোডাকশনে অ্যাফেক্ট করে যাবে।’

 

চলমান কঠোর বিধিনিষেধ বা শাটডাউন নিয়ে হতাশা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘লকডাউনের ৩-৪ দিন চলছে, রাস্তাঘাটে যেভাবে মানুষ বের হচ্ছে, গাড়িঘোড়া চলছে, আমরা তাতে খুবই দুঃখিত। কারণ তাতে লকডাউন ব্রেক হচ্ছে। তারা নিজেদের ক্ষতি করছে।’

 

লকডাউন নিয়ে বিকল্প চিন্তা আছে কি না জানতে চাইলে তা নাকচ করে দেন মন্ত্রী। তিনি বলেন, ‘অল্টারনেট প্রস্তাব কিছু না। লকডাউন মানাতে হবে। লকডাউন মানানোর জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে আরও কঠোর হতে হবে।’

 

আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে বলেও জানান মন্ত্রী।

 

তিনি বলেন, ‘দেখেন জরিমানা করা হচ্ছে, জেলেও পাঠানো হচ্ছে তারপরেও এটা মানছে না। কিন্তু এটা মানাতে হবে। এটা ছাড়া দেয়ার ইজ নো অল্টারনেটিভ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *