বগুড়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে আজিজুল হক ওরফে তোতা মিয়া (৫৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত তোতা মিয়া উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল উত্তরপাড়ার মৃত ইসমাইল হোসেন প্রামানিকের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক।

 

২৫ জুলাই রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে ২৪ জুলাই শনিবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শাজাহানপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

 

শিশুটির মা জানান, তার স্বামী খেঁজুর গাছ পরিষ্কার করে অভাবের সংসারের খরচ চালান। তাদের এক ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে ও মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। ১২ বছর বয়সী প্রতিবন্ধী ছোট মেয়েকে নিয়ে তাদের অভাবের সংসার। ঈদের দাওয়াতে তারা বড় মেয়ের বাড়িতে বেড়াতে যায়।

 

১১ জুলাই শনিবার দুপুরে বড় মেয়ে তার ছোট বোনকে প্রতিবেশী তোতা মিয়ার বাড়ি থেকে আম ধুয়ে আনতে বলে। প্রতিবন্ধী শিশুটি তোতা মিয়ার বাড়ির টিউবওয়েলে আম ধুতে গেলে তোতা মিয়া পেছন দিক থেকে জড়িয়ে ধরে জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখিয়ে কাউকে বলতে নিষেধ করে।

 

মেয়ের কান্না শুনে প্রতিবেশী এক মহিলা এসে বিষয়টি জানালে তোতা মিয়ার বাড়িতে গিয়ে মেয়েকে উদ্ধার করা হয়। পরে থানা পুলিশকে এসে বিষয়টি জানান।

 

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। নিশ্চিত হওয়ার জন্য শিশুটির ডাক্তারী পরীক্ষা করা হবে। গ্রেফতারকৃত আসামিকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *