পদ্মাসেতুতে সেনাবাহিনীর হাতে এবার ভারতীয় নারী আটক

নজর২৪ ডেস্ক- মাদারীপুর শিবচরে পদ্মা সেতু এলাকা থেকে এক ভারতীয় নারীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। ৪০ বছর বয়সী ওই নারীর নাম গৌরি। তিনি ভারতের বিহার রাজ্যের মোজাফরপুর জেলার বাসিন্দা।

 

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে তাকে শিবচর থানার কাঠালবাড়ী ইউনিয়নের বাবু মোল্যার কান্দি গ্রামের পদ্মা বহুমুখী সেতুর এসএথ্রির সামনে রাস্তার ওপর থেকে আটক করা হয়।

 

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে শিবচর থানা। এ নিয়ে পদ্মা সেতু এলাকা থেকে ভারতের ১২ জন নাগরিককে আটক করল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

শিবচর থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার, অপারেশন) মো. রবিউল ইসলাম বলেন, ‘সোমবার শিবচরের কাঠালবাড়ি ইউনিয়নের সীমানা এলাকায় সন্দেহভাজন ওই নারী ঘোরাফেরা করলে সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তার ভাষা এবং চালচলন সন্দেহজনক হওয়ায় আটক করা হয়।’

 

তিনি বলেন, ‘শিবচর থানায় খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি। পরে জিজ্ঞাসাবাদ করলে তিনি হিন্দিতে কথা বলেন। ভারতীয় নাগরিক ওই নারী বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।’

 

ওসি জানান, আটক নারীর বিরুদ্ধে থানায় ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে অভিযোগপত্র দাখিল করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *