নজর২৪, ইবি- করোনায় আক্রান্ত হয়ে শিব্বির আহমেদ ফেরদৌস নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে গ্রামের বাড়ি শেরনগরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শুক্রবার (৯ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শিব্বির আহমেদ বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এবি এম জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শিব্বির আহমেদ কুষ্টিয়া শহরের লাহিনীপাড়ার এক মসজিদে ইমামতি করতো। ১৫ দিন আগে জ্বর, সর্দিসহ একাধিক উপসর্গ তার শরীরে দেখা যায়। অবস্থার পরিবর্তন না হলে তার ছোট ভাই কুষ্টিয়ায় এসে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে নিয়ে যায়।
পরে তাকে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে গত শুক্রবার (২ জুলাই) তাকে ঢামেকে ভর্তি করানো হয়। গতকাল রাত ৯টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (১০ জুলাই) সকাল ৮ টায় নিজ গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
