নজর২৪, ঢাকা- দেশত্যাগের নিষেধাজ্ঞাকে পজিটিভলি দেখছেন বলে জানিয়েছেন দেশের অন্যতম অনলাইল বেচাকেনার প্রতিষ্ঠান ইভ্যালি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল। এতে ইভ্যালির সঙ্গে যুক্ত কোম্পানিগুলো আরও আত্মবিশ্বাস নিয়ে ব্যবসা চালিয়ে যেতে পারবেন বলে মনে করেন তিনি।
শুক্রবার (৯ জুলাই) দুদকের নিষেধাজ্ঞার খবর গণমাধ্যমে আসার পর এক ফেসবুক পোস্টে তিনি এমন কথা জানান।
মোহাম্মদ রাসেল লেখেন, ‘আমার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি আমি পজিটিভলি দেখছি। বাংলাদেশের সব বড় কোম্পানির সাথে আমার সম্পর্ক। হয়তো আমাকে ভালোবাসার জন্য উনাদের ভয়ের এ বিষয়টা আমাকে বলতেন না। আমরা বিজনেস করেছি সবার সঙ্গে। এখন উনারা আরও বেশি কনফিডেন্স পাবেন।’
নিজের কখনো কোনো দেশের মাল্টিপল ভিসা ছিল না, এখনো কোনো ভিসা নেই বলে জানান রাসেল। তিনি লিখেছেন, ‘কখনো কোনো দেশে সিটিজেনশিপ-এর জন্য অ্যাপ্লাই করি নাই। ঘুরতে গিয়েছিলাম কয়েকবার। দেশ আমাদের। আমরা সবাই দেশের জন্যই কাজ করতে চাই। দোয়া রাখবেন।’
ইভ্যালি ব্যবসায় লাভ করা শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ‘এখন আমরা অনেকটাই প্রফিট-এ বিজনেস শুরু করেছি। নতুন নীতিমালা অনুযায়ী গ্রাহকদের টাকা আমাদের হাতে আসার সুযোগ নেই। এছাড়া তদন্ত করলেই সবাই দেখবেন, পুরাতন অর্ডার কী পরিমাণ প্রতিদিন যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিজনেস ডেভেলপমেন্ট-এ লস হয়েছে, সেটা বিজনেস করেই প্রফিট করে ফেলব। এর চেয়েও কম সময়ে। কারণ আমাদের ক্রয়মূল্য বাজারমূল্য থেকে অনেক কম। সরকারের সামগ্রিক কার্যক্রম জনগণের স্বার্থ রক্ষার জন্য।’
রাসেল বলেন, ‘আমি শুধু একটা রিকোয়েস্ট (অনুরোধ) করব যে, আমাদের তদন্ত বিষয়ে অতি উৎসাহ নিয়ে কেউ কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলবেন না।’
ইভ্যালিতে কেনাকাটা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের রেগুলার কেনাকাটা ইভ্যালিতে করুন। এতেই ইভ্যালির লসের যৌক্তিকতা আসবে।’
উল্লেখ্য, গ্রাহক ও মার্চেন্টের কাছ থেকে নেয়া প্রায় সাড়ে তিনশো কোটি টাকার ঋণ রয়েছে ইভ্যালির। এ অবস্থায় এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।





