স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২ ঘন্টার বৈঠক: মুখে কুলুপ আটলেন বাবুনগরী

নজর২৪, ঢাকা- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে চলে গেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী।

 

সোমবার (৫ জুলাই) প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে রাত সাড়ে ১০টার দিকে মন্ত্রীর ধানমন্ডির বাসা থেকে একটি কালো মাইক্রোবাসে করে চলে যান তিনি। এ সময় তার সঙ্গে থাকা হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জিহাদীও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

 

এর আগে রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেন ধর্মভিত্তিক সংগঠনটির শীর্ষস্থানীয় দুই নেতা। বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদেরও মন্ত্রীর বাসায় প্রবেশ করতে দেখা যায়।

 

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গ্রেফতারের মধ্যে এর আগে তিন দফা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সংগঠনটির প্রতিনিধি দল। সবগুলো বৈঠকেই ছিলেন মহাসচিব নূরুল ইসলাম জিহাদী। কোনোবারই বৈঠক শেষে মুখ খুলেননি তারা।

 

হেফাজতে সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের কারাবন্দি নেতাদের ঈদুল আজহার আগে মুক্তি চাইতে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান তারা।

 

হেফাজত সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে কঠোর লকডাউনের মধ্যে সোমবার দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছান জুনায়েদ বাবুনগরী। খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় তিনি বিশ্রাম নেন। হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী এই মাদ্রাসার অধ্যক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সরকারের একটি সংস্থার সঙ্গেও হেফাজত আমির ও মহাসচিব বৈঠক করেন।

 

গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতাকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংস ঘটনার পর হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সরকার। সংগঠনের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ প্রায় অর্ধশত নেতাকে গ্রেপ্তার করা হয়।

 

ধরপাকড়ের মধ্যে সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একপর্যায়ে হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে গ্রেপ্তার নেতাদের বাদ দিয়ে হেফাজতের নতুন কমিটি গঠন করা হয়।

 

জানা যায়, প্রতিটি বৈঠকেই গ্রেপ্তার নেতাকর্মীদের ছেড়ে দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতের প্রতিনিধি দল। কিন্তু এসবে কোনো কাজ হচ্ছে না। এবার নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন হেফাজতের আমির বাবুনগরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *