Home জাতীয় লকডাউনে সাধারণ মানুষকে হয়রানি করবেন না: ফয়জুল করীম

লকডাউনে সাধারণ মানুষকে হয়রানি করবেন না: ফয়জুল করীম

0
74

নজর২৪, ঢাকা- সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

 

এ সময় জীবিকার তাগিদে বের হওয়া সাধারণ মানুষকে হয়রানি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

 

সোমবার (৫ জুলাই) এক বিবৃতিতে মুফতি ফয়জুল করীম বলেন, ১ জুলাই থেকে কঠোর লকডাউনের মধ্যে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হাজার হাজার লোককে গ্রেফতার করা হয় ও তাদেরকে জরিমানাসহ বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়।

 

অপরদিকে কতিপয় এতিমখানা ও হিফজ কওমি মাদরাসাকেও জরিমানা করা হয়। এতিমখানা ও হিফজ বিভাগ খোলা রাখার জন্য আগের বার অনুমতি দেওয়া ছিল। এবারের লকডাউনে ছোট ছোট মাদরাসাগুলোকেও জরিমানা করা হচ্ছে। যা চরম উদ্বেগের বিষয়।

 

তিনি বলেন, অনেক জায়গায় রিকশাচালক ও খেটে-খাওয়া মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসৌজন্যমূলক আচরণ করতে দেখা যায়। এটি অত্যন্ত দুঃখজনক। নিম্ন আয়ের মানুষের সঙ্গে এ ধরনের হয়রানি ও জুলুম-নির্যাতন করা খুবই অমানবিক।

 

তিনি আরও বলেন, লকডাউনে যাতে দরিদ্র জনগোষ্ঠী ঘর থেকে বের হতে না হয় সে ধরনের পর্যাপ্ত কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। ফলে জীবন-জীবিকার প্রয়োজনেই অনেকে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। করোনা পরিস্থিতির এই ভয়াবহ অবস্থায় এসব নিম্ন আয়ের মানুষকে যাতে ঘর থেকে বের হতে না হয়, সেজন্য তাদের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ নিশ্চিত করা দরকার।

 

মুফতী ফয়জুল করীম আরো বলেন, অনেক মানুষ চিকিৎসা সেবা নিতে বের হলেও তাদেরকে নাজেহাল করা হচ্ছে। লকডাউনের সময় মানুষকে হয়রানি বন্ধ এবং রাস্তায় চলাচল করা সাধারণ মানুষের সাথে সহনশীল আচরণ করার জন্য তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here