সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়া-নওগাঁ মহাসড়কের সংস্কারের কাজ প্রায় চার বছরেও শেষ না হওয়ায় যানবাহন চলাচল সহ পথচারীদের চলাচলে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। নষ্ট হচ্ছে যানবাহনের মূল্যবান যন্ত্রাংশ। ঘটছে নানা ধরনের দূর্ঘটনা।
জরুরী ভিত্তিতে এই সড়কটির সংস্কারের কাজ শেষ করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে সড়ক ও জনপথ বিভাগ সোনার বাংলা গড়ার লক্ষে সারাদেশের সড়ক মহাসড়কগুলো নতুন করে সংস্কার করে প্রসস্থ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর ধারাবাহিকতায় বগুড়ার নওগাঁ মহাসড়কটি নতুন করে সংস্কার কাজ শুরু হয় ২০১৭ সালের শেষের দিকে। সেই থেকে সংস্কার কাজ শুরু হলেও দীর্ঘ চার বছরেও কাজটি সমাপ্ত করতে পারেনি কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান নাভানা কোম্পানী।
বেশ কিছু অংশ সংস্কার কাজ শেষ হলেও আদমদীঘি উপজেলা গেটের সামনে, ব্রিজের নিকট পূর্ব ঢাকা রোড থেকে পশ্চিম ঢাকা রোড পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা। বর্তমান সড়কটি খানা-খন্দে ভরপুর হয়েছে। ছোট বড় গর্ত হয়ে যানবাহন চলাচল সহ নানা ভোগান্তির শিকার হচ্ছে জনগণ।
ঢাকা, চট্রগ্রাম সহ সারাদেশের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার ছোট বড় যানবাহন চলাচল করে থাকে। সুমন হোসেন, মানিক মিয়া, সোহেল, এমরান আলীসহ কয়েকজন চালকের সাথে কথা বললে তারা জানান, যে প্রায় চার বছর ধরে এই সড়কের পিচ উঠে গিয়ে খানা-খন্দে পরিণিত হয়েছে।
এ সব গর্তে পড়ে মোটরসাইকেল আরোহী সহ পথচারীরা আহত হচ্ছেন। ৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে ১ ঘন্টা সময় লাগছে। বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ।
বগুড়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, বগুড়া-নওগাঁ মহাসড়কটির ঠিকাদারী পেয়েছিল নাভানা কোম্পানী ২০১৭ সালে, কাজ করতে না পারায় গত ৬ জুন তার সাথে চুক্তি বাতিল করা হয়েছে। নতুন করে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কাজ শুরু করা হবে। শীঘ্রই জরুরী ভিত্তিতে মহাসড়কের সংস্কারের কাজ শেষ করা হবে।





