নজর২৪, সিলেট- সীমিত পরিসরে নিরবে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে গাড়িতে করে ফিরছিলেন বর-কনে। বরযাত্রী নিয়ে ফেরার পথে ধরা পড়লেন পুলিশের হাতে। তাদের ছাড়াতে মোবাইলে ফোনে এক শ্রমিক নেতা চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ট্রাফিক সার্জেন্ট কঠোর লকডাউন অমান্য করে বিয়ে করায় সিদ্ধান্তের জন্য ডাকলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (২ জুন) বিকেলে সিলেট নগরের প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে এ ঘটনা ঘটে।
নববধূকে নিয়ে একটি মাইক্রোবাসে বসা ছিলেন বর। বর-কনেসহ গাড়িতে ছিলেন ৯ যাত্রী। লকডাউন ভাঙার কারণ জিজ্ঞেস করলেও সদুত্তর দিতে পারেননি তারা। তখন বরের সঙ্গীয় যাত্রী সার্জেন্ট হাসানের কানে ফোন তুলে দেন।
তিনি কথা বলে জানান, ওখানে মিডিয়া ও থানার লোকজন উপস্থিত, আমার কিছুই করার নেই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে বর কনেবাহী একটি মাইক্রোবাস হুমায়ূন রশিদ চত্বর এলাকায় আসলে পুলিশ গাড়িটি আটকায়। গাড়ির ভেতরে বর ও কনে দেখে খবর দেয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করে।
বরপক্ষের লোকজন জানান, লকডাউনে সব ধরণের সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞার বিষয়টি জানলেও বিয়ের তারিখ আগেই নির্ধারিত ছিলো। পারিবারিক কিছু অসুবিধার কারণে তারা তারিখ পরিবর্তন করতে পারেননি। তাই সীমিত পরিসরে শুধু একটিমাত্র মাইক্রোবাস নিয়ে তারা কনেকে আনতে গিয়েছিলেন। আসার পথে তারা ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
