সরকারি-বেসরকারি অফিস, শপিং মল-দোকানপাট সব বন্ধ থাকবে

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী সাত দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন পালিত হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।

 

শুক্রবার (২৫ জুন) তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দোকানপাট ও শপিংমল বন্ধের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন শুক্রবার রাতে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা চলব। সোমবার থেকে সব দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।

 

লকডাউন প্রসঙ্গে প্রধান তথ্য অফিসার আরও বলেন, লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।

 

জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতার বাইরে থাকবে বলেও জানান সুরথ কুমার সরকার।

 

এক সপ্তাহের শাটডাউন ঘোষণার পর শুক্রবার রাতে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘এটা কঠোরভাবে যাতে সকলে প্রতিপালন করে সেজন্য বেশ কড়াকড়ি আরোপ করা হবে। সেজন্য পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনীও থাকতে পারে।’

 

এই সময়টায় সরকার কঠোর অবস্থানে থাকবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘কঠোর, খুবই কঠোর অবস্থানে আমরা থাকতে চাই। কারণ, করোনা সংক্রমণের এই চেইন ভাঙতে গেলে এটাই আমাদের করতে হবে।’

 

কঠোর লকডাউনের সময়টায় প্রয়োজন ছাড়া একজন মানুষও বাড়ির বাইরে আসতে পারবে না বলেও জানান জন প্রশাসন প্রতিমন্ত্রী। বলেন, ‘মানুষ অপ্রয়োজনে বাড়ির বাইরে আসবে না। অফিস আদালতগুলো বন্ধ থাকবে।’

 

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাসের বিষয়টি সামনে রেখে তিনি জানান, ৩০ জুন বাজেটের যে বিষয়টি আছে এ সংক্রান্ত যে কার্যক্রমগুলো আছে, এনবিআর রিলেটেড, পেমেন্ট রিলেটেড সেই কাজগুলো করার জন্য স্বল্পপরিসরে এগুলো খোলা থাকবে। তা ছাড়া, অন্য সব কিছু বন্ধ থাকবে।’

 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেয়া হবে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘২৮ জুন থেকে এক সপ্তাহের জন্য এই কঠোর বিধিনিষেধ দেয়া হয়েছে। এরপর পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে সেটা আমরা বাড়াব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *