রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: দাম্পত্ব কলহের জের ধরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট পানে সিরাজগঞ্জের শাহজাদপুরের দ্বাবারিয়া দক্ষিণ পাড়ায় চাম্পা খাতুন (২৫) নামের এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে শাহজাদপুর পৌর শহরের দ্বাবারিয়া দক্ষিণপাড়ার ট্যাংকলরি শ্রমিক জামাল প্রামাণিকের স্ত্রী এক সন্তানের জননী চাম্পা খাতুন স্বামীর উপর অভিমান করে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট পান করে।
পরে চাম্পা খাতুন যন্ত্রনায় ছটফট করলে বাড়ির লোকজন তাকে মুমূ্র্ষ অবস্থায় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
পরে এ্যাম্বুলেন্স যোগে চাম্পা খাতুন কে বগুড়ায় নেওয়ার পথেই সে মারা যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চাম্পা খাতুনের মেয়ে জান্নাতি (৮) গগন বিদারী আর্তনাদ করছে এবং উপস্থিত সবার চোখে জ্বল চলে আসে।
নিহত গৃহবধু চাম্পা খাতুনের স্বামী জামাল প্রামাণিক জানায়, দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। বেশ কয়েকদিন যাবৎ দুইজনের মধে ঝগড়া চলছিল, এলাকার প্রধানরা বুধবার মিমাংসা করে দেন।
দুপুরে বাঘাবাড়ি ঘাটে অবস্থান করার সময় বাড়ি থেকে মোবাইলে কল করে জানায় আমার স্ত্রী চাম্পা খাতুন বিষ খেয়েছে। আমি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপস্থিত হই, পরে ডাক্তারের কথা মতো বগুড়া নিয়ে যাওয়ার সময় চাম্পা মারা যায়।
আত্মহত্যার খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, মৃত চাম্পা খাতুনের লাশের সূরতহাল করার পর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। অন্যথায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
