কারওয়ান বাজারে বিএনপির বিক্ষোভ

নজর২৪ ডেস্ক- পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা ওয়াসাকে স্মারকলিপি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের প্রগতি ভবনের ওয়াসার কার্যালয়ে সংস্থাটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মাকসুদুল হকের কাছে স্মারকলিপি দেন দলের নেতাকর্মীরা।

 

স্মারকলিপিতে পানির দাম বৃদ্ধিকে অযৌক্তিক ও গণবিরোধী উল্লেখ করে বলা হয়, নিরবচ্ছিন্নভাবে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওয়াসা কর্তৃপক্ষ সেটি করতে ব্যর্থ হয়েছে। বারবার অযৌক্তিকভাবে পানির দাম বৃদ্ধি করা সরকারের ধারাবাহিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। কিন্তু নগরবাসীর জন্য সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ তারা করতে পারেনি।

 

অবিলম্বে গণবিরোধী সিদ্ধান্ত বাতিল এবং ঢাকা ওয়াসার দুর্নীতি, লুটপাট, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধ করে নগরবাসীর জন্য নিরবচ্ছিন্নভাবে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের দাবি জানানো হয় স্মারকলিপিতে।

 

স্মারকলিপি দেওয়ার আগে ওয়াসা ভবনের নিচে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ও ঢাকা উত্তরের বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ বিভিন্ন স্তরের নেতারা।

 

সমাবেশে করোনাকালে পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তকে অমানবিক হিসেবে অভিহিত করেন তারা।

 

সমাবেশে বিএনপি নেতারা বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী দেশে দেশে যখন ইউটিলিটি বিল মওকুফ করা হচ্ছে, সেখানে এ দেশে পানির বিল বাড়ানোর বিষয়টি অযৌক্তিক। অবিলম্বে পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান বিএনপি নেতারা।

 

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, বিগত ১৪ বছরে ১৩ বার অযৌক্তিকভাবে পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা।

 

ওয়াসা মানুষের কথা ভাবে না বলে মন্তব্য করে তিনি বলেন, সংকটের সময়ে ওয়াসার এমডি বিদেশ ভ্রমণ করছেন, যা মোটেই কাম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *