নজর২৪, ভোলা- ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মনির (২৩) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে শিশুসহ আরও ১৫ জন।
সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে। আহতরা হলেন- তাসলিমা (২২), রিতা (৪) ফিরোজ, মন্জু, সোহাগ, শাহাবুদ্দিন, বেল্লালসহ ১৫ জন।
স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদার গ্রুপের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে মনির (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হন। তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
