বিনোদন ডেস্ক- সম্প্রতি বোট ক্লাব বিতর্কে আলোচনায় আসা চিত্রনায়িকা পরীমণিকে আপাতত সতর্ক করবে চলচ্চিত্র পরিচালকদের সংগঠন চলচ্চিত্র পরিচালক সমিতি। এরপরও যদি তিনি সতর্ক না হয়ে ‘অনিয়ন্ত্রিত’ জীবন যাপন করেন তবে তাতে চলচ্চিত্র সংগঠনগুলোর সমর্থন থাকবে না।
প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থারও বিধান রয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। একাধিক ব্যবসা সফল সিনেমার এই পরিচালক গতকাল গণমাধ্যমকে এসব কথা জানান।
বোট ক্লাব ও অল কমিউনিটি ক্লাবের ঘটনার প্রসঙ্গ টেনে সোহানুর রহমান সোহান বলেন, পরিমণির ঘটনায় আমরাও কিছুটা বিব্রত। তার বিরুদ্ধে এর আগেও কিছু অভিযোগ এসেছিল কিন্তু আমরা তাকে সতর্ক করিনি। কিন্তু এখন মনে হচ্ছে চলচ্চিত্রের স্বার্থে সতর্ক করা উচিত। কারণ পরীমণি বিশ্বের নামকরা নায়িকাদের একজন। তার ভালো কাজে চলচ্চিত্র শিল্প যেমন প্রশংসিত হয় তেমনি খারাপ কিছু হলে বদনাম হয়। তাই আমরা তাকে সংশোধনের সুযোগ দিতে চাই। এতে যদি তিনি ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করেন তবে আমরা তার পাশে আছি, থাকব। আর যদি তা না করেন তবে তার দায় তাকেই নিতে হবে।
বোট ক্লাব ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, একজন শিল্পীকে সেখানে কাজের কথা বলে নিয়ে হেনস্তা করা হয়েছে। এটি নিন্দনীয়। আমরা এর বিচার চাই। যাতে করে এরকম ঘটনা আর কারো ক্ষেত্রে না ঘটে। যদিও ঘটনার বিষয়ে পরীমণি আমাদের অবহিত করেননি। করলে আমরা শুরু থেকেই পাশে থাকতাম। তারপরও যেহেতু তিনি প্রফেশনাল কাজে গিয়ে অপ্রতিকর ঘটনার শিকার হয়েছেন তাই আমরা তার পাশে থাকব। কারণ কারো বিপদে পাশে থাকা সংগঠনের দায়িত্ব।
তবে এখানে তারও কিছু ভুল আছে জানিয়ে এই নেতা বলেন, এত রাতে তিনি সেখানে না গিয়ে অন্য সময়েও এ বিষয়ে আলোচনায় বসতে পারতেন। তার উচিত হলো ব্যালেন্স রেখে চলা।
গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ভিডিও দেখে অমরা বিষয়টি অবহিত হয়েছি। যদিও এটা তার ব্যক্তিগত তারপরও সে আমাদের শিল্পী। তাই আমরা তার পাশে থাকব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব ঘটনায় তার বিরুদ্ধে যদি আইনি পদক্ষেপ নেয়া হয় এবং তদন্তে তিনি অপরাধী প্রমাণিত হন তবে আমরা তার সাথে থাকব কি না এ নিয়ে শিল্পী সমিতিসহ আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
