রাজশাহীতে ভেঙে পড়ল চারতলা ভবন

নজর২৪, রাজশাহী- রাজশাহী নগরীতে চারতলা একটি ভবন ধসে পড়েছে। রোববার (২০ জুন) বেলা ৩টার দিকে নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। দুর্ঘটনার পরেই সেখানে উদ্ধার অভিযান শুরু করেছেন দমকল বাহিনীর কর্মীরা।

 

রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করার কারণেই ধসে পড়েছে।

 

তিনি বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। সেটির নিচতলা স্থানীয় লোকজন গ্যারেজ হিসেবে ব্যবহার করতেন। আজও সেখানে তিনটি প্রাইভেটকার এবং দুটি ভ্যান রাখা ছিল। ভবনটি ধসে পড়ায় সেগুলোও চাপা পড়েছে। ভবনটি ধসে পড়ার সময় পাশের দুটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানায়, ভবনটির দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট। প্রস্থে ছিল ৪০ ফুট। চারতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছিল। ওপরে আরেকতলা তোলার জন্য বিম ওঠানো হয়েছিল। অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এ কারণে ভবনটি ভেঙে পড়েছে।

 

জানা গেছে, ভবনটির মালিক ছিলেন আক্তারুজ্জামান বাবলু নামের এক ব্যবসায়ী। প্রায় এক বছর আগে তিনি মারা গেছেন। এখন ভবনের মালিকানায় আছেন তার ছোট ভাই নুরুজ্জামান পিটার। তবে আক্তারুজ্জামান বাবলুর মৃত্যুর পর থেকে ভবনটিতে আর কাজ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *