নজর২৪, ঢাকা- হঠাৎ অসুস্থ হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালকুদার। রোববার (২০ জুন) বিকালে মাহবুব তালুকদারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে স্যারের হঠাৎ জ্বর আসে। রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখন আইসিইউ থেকে স্যারকে কেবিনে নেওয়া হয়েছে।’
এখন তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন এনাম উদ্দীন।
উল্লেখ্য, বিএনপির তালিকা থেকে নির্বাচন কমিশনার হওয়া মাহবুব তালুকদার ১৯৯৯ সালে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব থাকা অবস্থায় অবসর নেন। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর সহকারী প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। সরকারি চাকরি করলেও লেখক, কবি ও সাহিত্যিক হিসেবেই বেশি পরিচিতি মাহবুব তালুকদারের।
