উদ্ধারের পর ডিবি কার্যালয়ে আবু ত্ব-হা

নজর২৪, রংপুর- আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের খোঁজ মিলেছে। শুক্রবার (১৮ জুন) দুপুরে তিনি রংপুরের শ্বশুরবাড়িতে উপস্থিত হন।

 

পরে বেলা পৌনে ৩টার দিকে তাকে রংপুর নগরীর কোতোয়ালি থানায় নেওয়া হয়। সেখান থেকে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।

 

ডিবি কার্যালয়ে ত্ব-হাকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মহানগর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মজনু।

 

কোতোয়ালি থানার আরেক এসআই এরশাদ হোসেন জানান, শুক্রবার দুপুরে তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।

 

বিকেল আড়াইটার দিকে রংপুরের আবহাওয়া অফিসের মাস্টারপাড়ায় ত্ব-হার শ্বশুর আজহারুল ইসলামের বাড়ি থেকে তাকে পুলিশ বের করে নিয়ে যায়।

 

তবে খোকন নামে এক স্থানীয় বাসিন্দা জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তিনি মাস্টারপাড়ায় তাকে দেখেন। কিন্তু ত্ব-হা সে সময় কোনো কথা বলেননি। মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলেন।

 

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আলতাব হোসেন বলেন, ‘তিনি এখন আমাদের হেফাজতে রয়েছেন। তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন, আবার কীভাবে ফিরলেন—তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি সুস্থ আছেন।’

 

এর আগে গত ১০ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন আবু ত্ব হা আদনান। আদনানের খোঁজ না পেয়ে তার মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের আটদিন পর পাওয়া গেল ত্ব হাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *