ত্ব-হা উদ্ধার হওয়ার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন ক্রিকেটার শুভ

স্পোর্টস আপডেট ডেস্ক- নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার সহযোগীদের উদ্ধার করা হয়েছে। বিষয়টি জানার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভ।

 

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন শুভ।

 

তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও মুহিত উদ্ধার। স্থানীয় এক টিভি চ্যানেলকে জানিয়েছে তার পরিবার। ’

 

এর আগে শুভ নিখোঁজ সাবেক ক্রিকেটার ও ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন।

 

জানা যায়, আজ শুক্রবার (১৮ জুন) বিকেলে আবু ত্ব-হার খোঁজ পাওয়া যায়। রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিকেল ৩টার দিকে তাকে রংপুুুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ার শ্বশুরবাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ।

 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আবু ত্ব-হাকে তার শ্বশুর আজহারুল ইসলাম মন্ডলের বাড়িতে ঢুকতে দেখেন তার প্রতিবেশী বিপ্লব মিয়া।

 

রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আবু ত্ব-হাসহ চারজন নিখোঁজ হন বলে অভিযোগ ছিল। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল, ঢাকার গাবতলী থেকে তারা নিখোঁজ হন। আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজ হয়েছিলেন আরও তিন জন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

 

আবু ত্ব-হার সঙ্গে যারা নিখোঁজ হয়েছিলেন তারা হলেন- আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ। আদনানের পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে আদনানের বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান ও মাহফিলে এই তিনজন থাকতেন। এই তিনজনের সঙ্গে আদনানের সখ্যতা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *