কক্সবাজারে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ছিনতাইয়ে ব্যর্থ হয়ে মোহাম্মদ ফারুক (৩৫) নামে এক ইজিবাইক (টমটম) চালককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়েছে দূর্বৃত্তরা।

 

বুধবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নস্থ ঝুলারপাড়া নামক এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত ইজিবাইক চালক মো: ফারুক উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষক নুরুল আমিনের ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইজিবাইক (টমটম) চালক মো: ফারুক কয়েকজন যাত্রী নিয়ে গাড়ি নিয়ে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঝুলারপাড়া নামক এলাকায় যান। ওই সময় তার গাড়িতে থাকা দূর্বৃত্ত যাত্রীরা ইজিবাইক গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এতে দূর্বৃত্তরা গাড়ি ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালককে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

 

স্থানীয়রা রাস্তায় ইজিবাইক চালকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পুলিশ নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ইজিবাইক চালককে হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এঘটনায় জড়িত ছিনতাইকারীদের ধরতে পুলিশ মাঠে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *