পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘যমুনা পাড়ের জনপদ’র বৃক্ষরোপণ কর্মসূচি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে অনলাইন ভিক্তিক সামাজিক সংগঠন ‘যমুনা পাড়ের জনপদ’ এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

 

গত ৫ই জুন থেকে এ পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে কয়েক শ’ ফলজ, ঔষধি এবং বিভিন্ন ফুল গাছের চারা রোপণ করা হয়।

 

জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলার গাবসারা ইউনিয়নের গোপিনাথপুর, রামপুর ও রায়ের বাশালিয়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ মাঠ, মসজিদ, মাদ্রাসা এবং রাস্তার দুই পাশে এসব চারা রোপণ করা হয়েছে।

 

‘যমুনা পাড়ের জনপদ’র পক্ষ থেকে মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছেন অত্র গ্রুপের এডমিন আব্দুর রহিম, শাকিল হোসেন, সদস্য রাকিবুল হাসান, সজিব মিয়া, এরশাদ হোসেন প্রমুখ।

 

সংগঠনটির এডমিন মোঃ খোকন জামাদ্দার নজর২৪কে বলেন, বৃক্ষরোপণের মতো কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে যত্নবান হতে হবে। আমরা সবাই একটু সচেতন হলে প্রতিবছর বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেরা অংশীদার হতে পারি।

 

তিনি বলেন, বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রতিবছর ‘যমুনা পাড়ের জনপদ’র পক্ষ থেকে বৃক্ষরোপণ অব্যাহত থাকবে। কারণ একমাত্র গাছই প্রকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে পারে।

 

উল্লেখ্য, ‘যমুনা পাড়ের জনপদ’ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে মানবসেবা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করা। এছাড়া সোশ্যাল নেটওয়ার্ক এর মাধ্যমে যমুনা পাড়ের মানুষের জীবন, জীবিকা, সামাজিক পরিবেশ, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে মানুষের মাঝে তুলে ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *