টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ নারী ও সহযোগী যুবক আটক

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে নারী সহযোগীসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তবে সে দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে গোপনে ইয়াবা পাচার করে আসছে বলে জানা গেছে।

 

মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৩ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৫।

 

আটককৃতরা হলেন- নাইট্যং পাড়ার মো. হাফেজ আহমদের ছেলে মো. ফয়েজুল ইসলাম রানা (২৬) এবং উত্তর গোদারবিলের শাহ নেওয়াজের স্ত্রী জামালিজা (২৫)। তবে রানা দীর্ঘদিন ধরেই নিজেকে সাংবাদিক দাবি করে আসছে।

 

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের চৌকস একটি দল মাদকদ্রব্য পাচারের সংবাদ পেয়ে টেকনাফ সদরের দক্ষিণ লেঙ্গুরবিলের মাঠপাড়া মোড়ে জাহিদ হোসেনের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই নারী ও পুরুষকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাদের সাথে থাকা একটি শপিংব্যাগ তল্লাশি করে ২০ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারিরা স্বীকার করেন তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা গুলো সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।

 

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারী-পুরুষের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *