Home আলোচিত আওয়ামী লীগের প্রতি এখন আর ভক্তি নেই: ওবায়দুল কাদেরের ছোট ভাই

আওয়ামী লীগের প্রতি এখন আর ভক্তি নেই: ওবায়দুল কাদেরের ছোট ভাই

0
64

নজর২৪, নোয়াখালী- আওয়ামী লীগের প্রতি এখন আমার আর ভক্তি নেই। আমাকে দল থেকে বহিষ্কার করে দেন, মেয়র পদ থেকেও বাদ দিয়ে দেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

 

সোমবার (১৪ জুন) দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সৎ মানুষ। এখন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়া পরিবারের বাকিদের ব্যাপারে কথা আছে।

 

কাদের মির্জা বলেন, আমার চাকরি (মেয়র পদ) খেয়ে ফেললেও আমি বলবো বঙ্গবন্ধু নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে গেছেন। শেখ হাসিনা এবং তার দুই সন্তানও সেই নীতি নৈতিকতা ধরে রেখেছেন। আমিও সেটা বিশ্বাস করি। এবার আমাকে রাখেন, না রাখেন সেটা আপনাদের বিষয়। আর আমাকে রাখবারও দরকার নেই বাদ দিয়ে দিন।

 

আওয়ামী লীগের এ নেতা বলেন, আমাকে পৌরসভা থেকে বাদ দিলে আবার স্বতন্ত্র ভোট করবো। অনুরোধ থাকবে ফেয়ার (সুষ্ঠু) ভোটটা করাবেন। আমি হেরে গেলেও মেনে নেব। এক ভোট পেলেও আমি মানবো। আমাকে আর রাখবেন না, আমাকে বাদ দিন। আমাকে রেখে ওবায়দুল কাদের (সেতুমন্ত্রী) সাহেব আর খেলা দেখানোর দরকার নেই।

 

ফেসবুক লাইভে প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কাদের মির্জা বলেন, ‘রোববার অবরোধের নামে দিনব্যাপী উপজেলা ও পৌরসভার কয়েকটি এলাকায় সিএনজি-চালিত অটোরিকশা আটক ও ভাঙচুর এবং সেখানে লুটপাট করা হয়। এটি কোনো অবরোধ নয়। এটি ডাকাতি।’

 

সেসময় পুলিশ নীরব ভূমিকা পালন করে বলেও অভিযোগ করার পাশাপাশি তিনি সিএনজি-চালকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here