নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ এমনি এমনিতে ক্ষমতাচ্যুত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটিকে ক্ষমতা থেকে নেতাকর্মীদের যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রাজধানীর নয়াপল্টনে বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও আলোচনা সভায় এ আহ্বান জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘এমনি এমনি আওয়ামী লীগ ক্ষমতা দেবে না, মেধা ও প্রজ্ঞার লড়াইয়ের মাধ্যমে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে আনতে হবে।
‘যুদ্ধ করতেই হবে। এরা (আওয়ামী লীগ) এমনি এমনি আপনাকে ক্ষমতায় নিয়ে আসবে না। এরা একেবারেই ডিক্টেটর বনে গেছে। নির্বাচন করে এরা কোনোদিন জিততে পারবে না। এরা নির্বাচন নিয়ে তামাশা করবে। কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে নিজেদেরকে জয়ী করবে।’
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন করে কখনও আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের সময় এলেই জনগণকে ধোঁকা দিয়ে তারা নির্বাচনি খেলা তৈরি করে।’
বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ওদের কথার কী উত্তর দেব, ওদের কথায় তো ঘোড়াও হাসে। কখন কী বলে না বলে তারা নিজেরাও জানে না।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘মিথ্যা কথা প্রচার করতে করতে তাঁরা এখন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা তো দূরের কথা, স্বাধীনতার ঘোষক দূরের কথা, জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বানিয়েছেন। উনি এমনভাবে কথা বলেন, জোরেও না, রাগ করেও না। ঠান্ডা মেজাজে কথা বলেন, মনে হয় সত্যি কথাই বলছেন। আজকে স্বাধীনতার ৫০ বছর পরেও তারা ইতিহাসকে এভাবে বিকৃত করে চলেছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে এখন করোনাভাইরাস আর আওয়ামী লীগ সরকার—এই দুই দানব সবকিছুকে তছনছ করে দিচ্ছে। ফলে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এটাকে জয় করতে হবে। এটাকে জয় করেই এগুতে হবে।’
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তির সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বন ও পরিবেশ বিষয়জ সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।
