নজর২৪, ঢাকা- ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক বছর আগে মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তাবিথ আউয়াল বড় ব্যবধানে হারলেও তাকে ‘জনগণের মেয়র’ হিসেবে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাবিথসহ কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে মঙ্গলবার দুপুরের দিকে দেখতে গিয়ে তাবিথের ব্যাপারে এ মন্তব্য করেন তিনি।
ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর উদ্দেশে ফখরুল বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের সঙ্গে আপনাদের এই এলাকার মেয়র প্রার্থী তাবিথ আউয়াল আছেন। যদিও সরকারের নির্বাচন কমিশন তাকে হারিয়ে দিয়েছে। তারপরও জনগণের নির্বাচিত মেয়র তাবিথ।’
‘আমি আশা করি আগামী ২/১ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য সামান্য হলেও দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা আসবে। আমি আবারও ক্ষতিগ্রস্তদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার দাবি করছি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এখানে যাঁরা বাস করেন, তাঁদের কেউ গৃহপরিচারিকার কাজ করেন, কেউ রিকশা চালান, কেউ জুতো পোলিশ করেন। একেবারেই বাস্তুহারা ছিন্নমূল মানুষ বস্তিতে বসবাস করেন। আজকে স্বাধীনতার ৫০ বছর হয়ে গেল, দুর্ভাগ্য আমরা সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে পারিনি।’
এসময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকি, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
