আলেমদের দ্রুত মুক্তির দাবি হেফাজতের, দুই লক্ষ্য নিয়ে কাজ করার ঘোষণা

নজর২৪, ঢাকা- মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন মামলায় আটক নেতাদের বাদ দিয়েই কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আমির হিসেবে আছেন জুনায়েদ বাবুনগরী। এ ছাড়া মাওলানা নুরুল ইসলাম জেহাদীকে মহাসচিব করা হয়েছে।

 

সোমবার (৭ জুন) খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।মাওলানা নুরুল ইসলাম জেহাদী এই কমিটি ঘোষণা করেন। কমিটিতে হেফাজতের প্রয়াত আমির শাহ আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফকেও রাখা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, ভবিষ্যতে প্রত্যেক জেলা কমিটির সভাপতি পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে বিবেচিত হবে। জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারি অরাজনৈতিক ব্যক্তি হতে হবে।

 

কমিটি থেকে বাদ পড়েছেন- সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়জী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজহারসহ নানা ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়া হেফাজতের নেতারা।

 

হেফাজতে ইসলামের বর্তমান কমিটিতে ঠাঁই হয়নি কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের। পূর্বের কমিটি দখল করে নিয়েছিল জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিশের উচ্চপদধারী ব্যক্তিরা যা হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সুযোগ করে দিয়েছিল। হেফাজত ইসলাম বিভিন্ন ঘটনায় হোঁচট খেয়ে শেষ পর্যন্ত অনুধাবন করতে পেরেছে যে উদ্দেশ্যে হেফাজতে ইসলাম গঠন করা হয়েছিল সে উদ্দেশ্য থেকে তারা বিচ্যুত হয়েছে। তাই তারা বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে প্রবীণ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও বিজ্ঞ আলেমদেরকে দিয়ে নতুন করে হেফাজতে ইসলামকে পুনর্গঠন করার প্রত্যয়ে কমিটি ঘোষণা করেছে।

 

কমিটি ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জানান, আজ থেকে হেফাজতে ইসলামের অন্যতম প্রধান কাজ হবে সংগঠনের গঠনতন্ত্র তৈরি ও অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে সাংগঠনিক কাঠামো পরিচালনা করা।

 

তিনি দাবি করেন, ভাঙচুর ও বিশৃঙ্খলায় হেফাজতের কোনো কর্মী জড়িত ছিল না বরং হেফাজতকে ব্যবহার করে একটি চক্র নিজেদের ফায়দা হাসিল করতে চেয়েছিল। যার জন্য তিনি দোষীদের শাস্তি প্রদানপূর্বক নির্দোষ ও নিরীহ আলেমদের হয়রানি না করে অতি দ্রুত মুক্তির দাবি জানান।

 

কমিটি ঘোষণা উপলক্ষে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া প্রায় সব নেতা উপস্থিত ছিলেন। তবে আমির জুনায়েদ বাবুনগরী শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারলেও তার সম্মতি ও পরামর্শে কমিটি ঘোষিত হয়েছে বলে হেফাজতের মহাসচিব জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *